বরিশালের গৌরনদীতে পেশাদার চোরচক্রের অন্যতম মূলহোতা ইনছান সরদার ওরফে রাহুলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া একটি কম্পিউটারও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ২০ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে গৌরনদী মডেল থানার সুন্দরদী এলাকার বায়তুল নূর জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার উত্তর চাঁদশী এলাকার বাবুল সরদারের ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসানের নির্দেশনায় এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। ২০ আগস্ট দায়ের হওয়া দণ্ডবিধির ৪৫৭/৩৭৯ ধারার মামলায় (মামলা নং-২৬) তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হিসেবে রাহুলকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে গ্রেপ্তার রাহুলের দেওয়া তথ্য এবং তার দেখানো জায়গায় অভিযান চালায় পুলিশ। সেখানে গত ১০ আগস্ট দায়ের করা অপর একটি চুরি মামলার (মামলা নং-১৫) চুরি যাওয়া কম্পিউটারটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, রাহুলের বিরুদ্ধে এর আগেও চুরি এবং চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, রাহুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরচক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত