বিদ্যুৎ না থাকলেও সেবা বন্ধ রাখেননি পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক। সেবা নিতে আসা দম্পতিদের মোবাইলের আলো ব্যবহার করে ৩ বছর মেয়াদি ইমপ্লান্ট গ্রহণকারী ৩৭ জনের মেয়াদ শেষ হওয়ায় তা অপসারণের সেবা দেওয়া হয়েছে।
তবে নতুন করে একই পদ্ধতি গ্রহণ করতে আগ্রহী দম্পতিদের জন্য পর্যাপ্ত ইমপ্লান্ট সরবরাহ না থাকায় শত শত দম্পতিকে এ পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় রাখা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টদের মতে, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতির সরবরাহে ঘাটতি থাকায় অনেক দম্পতি কাঙ্ক্ষিত পদ্ধতি গ্রহণ করতে পারছেন না। এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বিদ্যুৎবিহীন অবস্থায় মোবাইলের আলোতে এমন গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিও স্বাস্থ্যসেবার অবকাঠামোগত সংকটকে সামনে এনেছে।
স্থানীয় সেবাগ্রহীতারা পরিবার পরিকল্পনা পদ্ধতির নিয়মিত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামো দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মোঃ মাসুদ খান
পটুয়াখালী প্রতিনিধি
০১৭১১-৪৭২৭১৫
১৮-০৮-২০২৬
মতামত