বরিশাল থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় সোহেল আরমান শরীফ (৫০) ও শিমুল সরদার (২৬) নামের দুজনকে আটক করে বরিশাল বন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল বন্দর থানা এলাকায় দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় গত ২৭ জুলাই বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন ভুক্তভোগী মো. আরিফ। মামলায় বরিশালের বন্দর থানার বাসিন্দা মো. রানা শরীফসহ চারজনকে আসামি করা হয়।
মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, চুরি যাওয়া মোটরসাইকেল দুটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় রয়েছে। এরপর তথ্য যাচাই করে সেখানে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় পুলিশ।
বৃহস্পতিবার বন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ তৌফিক ফেরদৌস শোভনের নেতৃত্বে একটি দল টুঙ্গিপাড়ায় পৌঁছে। পরে টুঙ্গিপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়। একই সময় সোহেল আরমান শরীফ ও শিমুল সরদারকে আটক করা হয়।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেল দুটি চুরির মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছে পুলিশ।
মতামত