পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার অন্তর্গত ২নং আলিপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম আলিপুরা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২ নভেম্বর (সোমবার) দুপুর আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে সুলিজ বাজারের উত্তর-পশ্চিম পাশে অবস্থিত মৃধা বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১১টার দিকে মৃধা বাড়ির ইব্রাহিম মৃধার বসতঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডার অথবা বিদ্যুতের শটসার্কিট থেকে এই আগুনের সূচনা হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা অন্য দুই ভাই—নুরু মৃধা ও ইউনুস মৃধার বসতঘরও সম্পূর্ণ গ্রাস করে নেয়।
আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালান। খবর পেয়ে গলাচিপা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ততক্ষণে ৩ ভাইয়ের বসতঘর এবং ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় কাগজপত্র ও দামি আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারগুলোর লক্ষ লক্ষ টাকার অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে। নিমিষেই সর্বস্ব হারিয়ে ইব্রাহিম, নুরু ও ইউনুস মৃধার পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জরুরি সরকারি সহায়তা ও পুনর্বাসনের জন্য বিনীত আকুল আবেদন জানিয়েছেন।
মতামত