বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারের টিনপট্টিতে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সমাজসেবা সম্পাদক রাজিব হোসেন হাওলাদার।
সভায় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, ঢাকা উত্তর শাখা গণঅধিকার পরিষদের সাবেক নেতা মো. মিজানুর রহমান, দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. আলতাফ হোসেন, জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল কায়ুম এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট পাপড়ি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেকুন নাহার হাসি, যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রুবেল মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজনে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিমন্ত্রী নুরের হাতে গড়া গণঅধিকার পরিষদের কর্মী হিসেবে তাঁরা গর্ববোধ করেন। সত্য, ন্যায় ও জনগণের কল্যাণকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।
মতামত