পটুয়াখালীর দুমকি উপজেলায় আট বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোহাগ হাওলাদার দক্ষিণ পাংগাশিয়া এলাকার মিজু হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী শনিবার ছুটি শেষে বাড়ি ফিরছিল। পাংগাশিয়া স্ব-মিল এলাকার দক্ষিণ পাশে পৌঁছালে শিশুটিকে একা পেয়ে সোহাগ তাকে জোরপূর্বক রাস্তার পাশের একটি বাগানের দিকে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে পরিবারের অভিযোগ।
এ সময় ওই পথ দিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় চালক বাগানের ভেতরে ধস্তাধস্তির বিষয়টি দেখতে পান। তিনি অটোরিকশা থামিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে শিশুটিকে উদ্ধার করে অভিযুক্ত যুবককে আটক করেন স্থানীয়রা।
খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সোহাগ হাওলাদারকে হেফাজতে নেয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত