বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার ঘটনায় এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর নির্দেশে তার বিরুদ্ধে এ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশালের কড়াপুর ইউনিয়নে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল সকালে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন, যিনি নিজেকে এয়ারপোর্ট থানার এএসআই হিসেবে পরিচয় দেন।
ঘটনাটি জানার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিদর্শক এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনকে নিজেদের হেফাজতে নেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তার কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।
এদিকে, দেলোয়ার হোসেনের ছুটিতে থাকার বিষয়টিও সামনে এসেছে। উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, তিনি গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। অভিযানে আটক হওয়ার বিষয়টি জানার পরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সুশান্ত সরকার বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের কোনো সদস্য মাদকসংক্রান্ত অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন।
মতামত