‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য র্যালি, দেশীয় মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শুরু হয়েছে পক্ষকালব্যাপী এ আয়োজন।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজের পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তের মধ্য দিয়ে দিনের কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহআলম সিকদার এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিকুল ইসলাম শাহিনসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য চাহিদা পূরণে মাছ গুরুত্বপূর্ণ সম্পদ। মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই জাতীয় মৎস্য পক্ষের মতো কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিদের সরকারি সহায়তা ও আধুনিক প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। এ জন্য মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
মাছের বংশবৃদ্ধি ও প্রজননক্ষেত্র রক্ষা, অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মাছ চাষে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পটুয়াখালী জেলার কয়েকজন সফল মৎস্যচাষিকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচি ১৬ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। পক্ষকালব্যাপী এ আয়োজনের মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলা মৎস্যজীবী দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
মতামত