পটুয়াখালীর অফিসের হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। ফাইনালে মাদারবুনিয়া ইউনিয়নকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছোটবিঘাই ইউনিয়ন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই মাঠজুড়ে ভিড় জমাতে শুরু করেন আশপাশের এলাকার হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক। দুই শক্তিশালী দলের মধ্যকার লড়াইয়ে খেলোয়াড়দের দম আর শারীরিক কসরত পুরো মাঠজুড়ে বাড়তি উত্তেজনা ছড়ায়। শুরু থেকেই দুই দল পয়েন্ট অর্জনে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেলেও শেষ মুহূর্তে ছোটবিঘাই ইউনিয়নের খেলোয়াড়দের কৌশল ও দম ধরে রাখার নৈপুণ্যে মাদারবুনিয়া ইউনিয়ন পরাজিত হয়।
খেলা শেষে বিজয়ী ছোটবিঘাই ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় প্রবীণ দর্শকরা জানান, আধুনিক প্রযুক্তির যুগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা আজ বিলুপ্তির পথে। এমন জমজমাট আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং সমাজ থেকে অপরাধ ও মাদকের প্রবণতা দূর করতে বড় ভূমিকা রাখবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ সংস্কৃতি ও সৌহার্দ্য টিকিয়ে রাখতে ভবিষ্যতেও এমন ঐতিহ্যবাহী ক্রীড়া আসর নিয়মিত আয়োজন করা হবে।
মতামত