বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নে পাঁচটি দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও কার্যক্রম সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চান্দুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির গঠন ও কার্যক্রম নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
The Share Trust-এর অর্থায়নে পরিচালিত Sundarban Coalition-এর LLDRR প্রকল্পের আওতায় কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস (CBDRR) কার্যক্রমের অংশ হিসেবে এসব সভার আয়োজন করা হয়। দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রগুলোর কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সভায় স্থানীয় প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রধান শিক্ষক, সিপিপির ইউনিট টিমলিডার, সিবিডিপির যুব স্বেচ্ছাসেবক এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য জানান, এর আগে তারা এ ধরনের কমিটি সম্পর্কে শুনলেও অনেকেই নিজেদের সদস্যপদ ও দায়িত্ব সম্পর্কে স্পষ্টভাবে অবগত ছিলেন না। বিভিন্ন সময়ে বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রের জন্য সরঞ্জাম সরবরাহের বিষয়ে যোগাযোগ করা হলেও অনেক ক্ষেত্রে সরঞ্জাম দেওয়ার পর নিয়মিত সমন্বয় বা পরবর্তী কার্যক্রম অব্যাহত থাকেনি বলে তারা জানান।
এ কারণে দুর্যোগকালীন সময়ে সরবরাহ করা সরঞ্জামের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ এবং স্থায়ী আদেশাবলি অন ডিজাস্টার (SOD) অনুযায়ী আশ্রয়কেন্দ্র পরিচালনার বিষয়ে অনেক সদস্যের মধ্যে পর্যাপ্ত ধারণার ঘাটতি রয়েছে বলে সভায় উঠে আসে।
এ বিষয়ে সিবিডিপি প্রকল্প কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত সমন্বয় সভা, প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হবে। এর মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে এসওডি অনুযায়ী নিরাপদ ও কার্যকর আশ্রয়কেন্দ্র পরিচালনায় সংশ্লিষ্টদের সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সভায় দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে শিশু, যুব ও প্রান্তিক নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। একই সঙ্গে প্রতিটি আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া এবং কমিটিগুলোকে নিয়মিত সক্রিয় রাখার জন্য দলীয় সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটিগুলোকে কার্যকর ও সক্ষম করে তোলা গেলে দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনাও আরও জোরদার করা সম্ভব হবে।
মতামত