পটুয়াখালীর দুমকি উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার আঙ্গারিয়া ও মুরাদিয়া ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মনির হাওলাদার (৪৫) ও আবু তালেব হাওলাদার (৪৩) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এর আগে একই দিন রাত ৮টার দিকে মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে রাসেল (২৭) নামের এক যুবককে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের পর রাসেলের প্যান্টের পকেট তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
দুমকি থানা পুলিশ জানিয়েছে, পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযান শেষে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত