পটুয়াখালী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. সোহেল মৃধাকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে পটুয়াখালী সদর থানা পুলিশের এসআই (নিঃ) কমল বড়ালের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সুমন হাওলাদার, মো. বায়েজীদ হোসেন, মো. সালাউদ্দিন প্রধানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পটুয়াখালী শহরের টাউন বহালগাছিয়া এলাকার নিজ বাসা থেকে মো. সোহেল মৃধাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মোতালেব মৃধার ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল মৃধা একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় আরও একটি নিয়মিত মাদক মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তার সোহেল মৃধার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: পটুয়াখালী সদর থানা পুলিশ
মতামত