পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে ‘আইকনিক পরিবহন’ নামের একটি ডাবল ডেকার স্লিপার বাস। এতে বাসটির অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। খলীলপুর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫ নম্বরের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় ওই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের ধারণা, বৃষ্টির মধ্যে বাসটির অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতা কিংবা ঘুমের ঢুলুনির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা বাসের ভেতরে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহতদের পরবর্তী সময়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
এদিকে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কলাপাড়া থানা পুলিশ কাজ শুরু করেছে।
মতামত