পটুয়াখালীর গলাচিপায় কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপন শিকারী কাছারীকান্দা গ্রামের বাসিন্দা এবং অনিল শিকারীর ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও নিজের জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন তিনি। ধানের বীজের পরিচর্যা ও চারা রোপণের কাজ করছিলেন তপন।
দুপুরের দিকে হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়ো হাওয়া শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তপন শিকারী বজ্রাঘাতে গুরুতর আহত হন। ঘটনাটি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।
পরে দ্রুত চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর অবস্থার অবনতি হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি মারা যান।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজান দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাতে তপন শিকারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত