এমপি আলতাফ হোসেন চৌধুরীর উদ্যোগে বরাদ্দ, স্বস্তি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর
পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধরান্দী নেছারিয়া দাখিল মাদ্রাসায় নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ১ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর উদ্যোগ ও ডিও (D.O.) লেটারের পরিপ্রেক্ষিতে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় মাদ্রাসাটির একাডেমিক ভবন নির্মাণে ১৭১ লাখ টাকা বরাদ্দের বিষয়টি জানানো হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ধরান্দী নেছারিয়া দাখিল মাদ্রাসার পুরোনো আধা-পাকা ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে টিনের ছাদ দিয়ে পানি পড়া এবং পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ
মাদ্রাসাটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বিদ্যমান অবকাঠামো প্রয়োজনের তুলনায় অপ্রতুল হয়ে পড়েছে। জরাজীর্ণ ভবনের পাশাপাশি শ্রেণিকক্ষ সংকটও শিক্ষা কার্যক্রমের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নতুন একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এরই পরিপ্রেক্ষিতে মাদ্রাসাটির নতুন একাডেমিক ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী বরাবর ডিও লেটার দেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। ওই চিঠিতে তিনি মাদ্রাসাটির বর্তমান অবকাঠামোর দুরবস্থা এবং শিক্ষার্থীদের পাঠদানে সৃষ্ট সমস্যার বিষয়টি তুলে ধরেন।
ডিও লেটারে তিনি উল্লেখ করেন, মাদ্রাসার বর্তমান আধা-পাকা ভবনটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষাকালে টিনের ছাদ দিয়ে পানি পড়ার পাশাপাশি শ্রেণিকক্ষের সংকট রয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার স্বার্থে নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণ জরুরি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।
বরাদ্দে স্বস্তি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর
সংসদ সদস্যের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মাদ্রাসাটির একাডেমিক ভবন নির্মাণের জন্য ১ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দের খবর ছড়িয়ে পড়ার পর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমলাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মৃধা সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে মাদ্রাসাটির জরাজীর্ণ ভবনের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর আন্তরিক উদ্যোগ ও ডিও লেটারের কারণে আজ একাডেমিক ভবন নির্মাণের জন্য ১ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ জন্য এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে তার প্রতি আমরা কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, নতুন ভবন নির্মিত হলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যারও সমাধান হবে।
একই সঙ্গে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু ও নির্ধারিতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আলহাজ্ব আব্দুস ছালাম মৃধা।
মতামত