বরগুনা জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন মারা গেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম মো. বেলাল হোসেন বরিশাল জেলার কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ লজ এলাকার নিজ বাড়ির বাসিন্দা। বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর তিনি দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে পুলিশ বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
মঙ্গলবার বাদ জোহর বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ, পিপিএমসহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি মরহুম এসআই মো. বেলাল হোসেনের দীর্ঘ ও কৃতিত্বপূর্ণ কর্মজীবনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মরহুমের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান এবং তাঁর জন্য দোয়া করার অনুরোধ করেন।
দীর্ঘ দুই দশকের বেশি সময় বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করা এসআই মো. বেলাল হোসেনের মৃত্যুতে বরগুনা জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত