পটুয়াখালী সদর উপজেলার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেটসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে কোস্ট গার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন তিনটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের জন্য মজুদ করা বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৮ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট, ৭৪ প্যাকেট রোলিং পেপার এবং ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ। জব্দ করা নকল সিগারেটের আনুমানিক মূল্য ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গোডাউনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা সব আলামত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
মতামত