কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রান্তিক ও অসচ্ছল কৃষকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বরগুনায় দুইটি গার্ডেন ট্রিলার বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের দাবি কর্মসূচি। এর মধ্যে একটি গার্ডেন ট্রিলার পেয়েছেন প্রতিবন্ধী সদস্য সাপলা বেগম।
রোববার (৩০ আগস্ট) বরগুনা সদর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে গার্ডেন ট্রিলার দুটি তুলে দেওয়া হয়। কৃষিতে যান্ত্রিকীকরণ বাড়ানোর পাশাপাশি শ্রম ও সময়ের ব্যয় কমিয়ে সদস্যদের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে ব্র্যাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম। এছাড়া ব্র্যাক বরগুনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি ও প্রগতি) মাহমুদুল হাসান, রোকনুজ্জামান, উত্তম কুমার, জেলা সমন্বয়কারী মো. তুহিন আলম, এলাকা ব্যবস্থাপক মো. রুবেল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে গার্ডেন ট্রিলার পেয়ে সদস্যরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, কৃষিকাজে যন্ত্রটির ব্যবহার করলে আগের তুলনায় কম সময়ে ও কম শ্রমে জমি প্রস্তুতসহ বিভিন্ন কৃষিকাজ করা সম্ভব হবে। একই সঙ্গে অতিরিক্ত আয় ও কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম বদরুল আলম বলেন, কৃষির উৎপাদনশীলতা বাড়াতে এবং কৃষকের সময় ও শ্রম সাশ্রয় করতে কৃষির যান্ত্রিকীকরণের বিকল্প নেই। আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীকে যুক্ত করা গেলে তাঁদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদন বাড়াতে ব্র্যাকের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও লাভজনক করতে প্রান্তিক কৃষকদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মতামত