আন্তর্জাতিক কোরআন হিফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের সুনাম বয়ে আনা পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বাউফল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় হাফেজ জাকারিয়ার অর্জন বাউফলবাসীর জন্য যেমন গর্বের, তেমনি এটি বাংলাদেশের জন্যও সম্মানের। তার এই সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একজন বাংলাদেশি তরুণের এমন অর্জন প্রমাণ করে, যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে দেশের মেধাবী সন্তানরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে। হাফেজ জাকারিয়ার সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ড. মাসুদ বলেন, কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা দিলে তারা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের জন্যও সম্মান বয়ে আনতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা হাফেজ জাকারিয়ার আন্তর্জাতিক সাফল্যের প্রশংসা করে বলেন, বিশ্বমঞ্চে তার এই অর্জন বাউফলের জন্য অত্যন্ত গৌরবের। তারা তার ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য ও কল্যাণ কামনা করেন।
মতামত