ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন নেতৃত্বের দায়িত্ব ঘোষণা করা হয়।
শুক্রবার ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচনে বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল সভাপতি এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেছেন সংগঠনের সদস্যরা।
নবনির্বাচিত কমিটিতে জওহার ইকবাল খান সহসভাপতি, শহীদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, গণেশ চন্দ্র হাওলাদার অর্থ সম্পাদক এবং মো. তাইমুন ইসলাম রায়হান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটির বিভিন্ন পদে আরও কয়েকজন সাংবাদিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন এবং নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা। সংগঠনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে একই ভেন্যুতে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিগত সময়ের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকদের কল্যাণে সংগঠনকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি পটুয়াখালী জেলার সাংবাদিকদের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করে পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পিজেএফের সদস্যরা।
মতামত