শোক প্রকাশ উপাচার্যের, ‘উচ্চশিক্ষা ও গবেষণায় অপূরণীয় ক্ষতি’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম উপাচার্য ও দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়া আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ শিক্ষাবিদের প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।
অধ্যাপক হান্নান ভূঁইয়ার মৃত্যুতে পবিপ্রবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. আবদুল হান্নান ভূঁইয়ার মৃত্যু দেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্য একটি বড় ক্ষতি। বিশেষ করে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকাশে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
উপাচার্য আরও বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে অধ্যাপক হান্নান ভূঁইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করেছেন। তার দূরদর্শী নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা, প্রজ্ঞা ও নিরলস প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কাঠামো সুদৃঢ় ভিত্তি লাভ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিষ্ঠার শুরুর দিকে নানা সীমাবদ্ধতার মধ্যেও পবিপ্রবিকে আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অধ্যাপক হান্নান ভূঁইয়ার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আমেরিকান কোর্স কারিকুলামের আদলে প্রতিষ্ঠানটিকে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য তিনি সামনে রেখেছিলেন, তা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অগ্রযাত্রার ভিত্তি তৈরি করে।
উপাচার্য তার শোকবার্তায় বলেন, অধ্যাপক হান্নান ভূঁইয়ার রেখে যাওয়া শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই পবিপ্রবি সময়ের সঙ্গে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও দক্ষ শিক্ষাপ্রশাসকের চলে যাওয়া বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে পবিপ্রবির প্রতিষ্ঠাকালীন সময়ে তার নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, তার কর্ম ও শিক্ষা-দর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মতামত