পটুয়াখালীর গলাচিপায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা মো. সাকিবকে (১৮) মাদক সেবনের সময় আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সাকিব ওই এলাকার মো. নয়ন হাওলাদার ও জরিনা বেগমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সাকিবের পুনরায় মাদক সেবনের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গলাচিপা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত সাকিবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
এর আগে সাকিবের প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশি অভিযানে তাকে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মতামত