পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. সুমন মৃধা (৩০) ও মোসা. তানিয়া বেগম (৩৩)। সুমন মৃধা মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের মৃত হানিফ মৃধার ছেলে। অপরদিকে তানিয়া বেগম মদনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ও বাউফল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) সম্বিত রায়, এএসআই আরিফুলসহ পুলিশের একটি দল মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে পুলিশ সুমন মৃধা ও তানিয়া বেগমকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এলাকায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত