বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই ইতিবাচক মানসিকতা ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং সফল জীবনের জন্য প্রয়োজনীয় মানসিকতা তৈরির লক্ষ্যে পবিপ্রবিতে দুই দিনব্যাপী ‘Developing the Mindset for Successful Journey’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়; এটি নিজেকে আবিষ্কার করা, দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতের ভিত্তি তৈরির গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময়ে শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা, অধ্যবসায় ও শেখার আগ্রহকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, মানুষের মধ্যে সাধারণত ‘ফিক্সড মাইন্ডসেট’ ও ‘গ্রোথ মাইন্ডসেট’—দুই ধরনের মানসিকতা দেখা যায়। ফিক্সড মাইন্ডসেট মানুষকে সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে। আর গ্রোথ মাইন্ডসেট মানুষকে কঠোর পরিশ্রম, পরিকল্পনা ও নতুন কিছু শেখার মাধ্যমে প্রতিকূলতা মোকাবিলা করার সাহস জোগায়।
নবীনদের উদ্দেশে উপাচার্য বলেন, পবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীকে গ্রোথ মাইন্ডসেট ধারণ করে বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের লাইব্রেরি ব্যবহার, গবেষণা, প্রযুক্তি ও বিভিন্ন ব্যবহারিক দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে শুধু পুঁথিগত জ্ঞান নয়, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও দলগতভাবে কাজ করার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।
সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি ডিবেটিং সোসাইটি, সাংস্কৃতিক ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দেন। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
পবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছারউদ্দিন আহমেদ নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ওশানোগ্রাফি অনুষদের ডিন ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধ্যাপক আবুল বাশার খান, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের মো. আব্দুর রহিম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ সেমিনারে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ইতিবাচক মানসিকতা নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
মতামত