পটুয়াখালী সদর উপজেলার মধ্য চরমৈশাদী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ ও ভবন মেরামতের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর উদ্যোগে এ বরাদ্দ নিশ্চিত হয়েছে।
বিদ্যালয়টির দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
এর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয় ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ খাত থেকে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়।
বরাদ্দের অর্থ দিয়ে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের পাশাপাশি ভবনের প্রয়োজনীয় মেরামত ও সংস্কারকাজ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুমোদিত বরাদ্দ অনুযায়ী প্রাক্কলন প্রস্তুত করে যথাযথ অনুমোদন শেষে দরপত্র আহ্বানের মাধ্যমে দ্রুত কাজ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত মধ্য চরমৈশাদী জনতা মাধ্যমিক বিদ্যালয়টি পটুয়াখালী সদর উপজেলার একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে স্থায়ী বাউন্ডারি ওয়াল না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নিয়ে নানা সমস্যা হচ্ছিল। একই সঙ্গে প্রধান ভবন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছাদ ও দেয়ালে ফাটলসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা দেখা দেয়।
৩৫ লাখ টাকা বরাদ্দের খবর পাওয়ার পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, দ্রুত নির্মাণ ও সংস্কারকাজ শেষ হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা আরও উন্নত হবে।
মতামত