মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২৭ নম্বর মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শান্তা মনি।
সম্প্রতি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের ১২ সদস্যের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেন।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া শান্তা মনি স্থানীয় একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং নারী উদ্যোক্তা হিসেবেও এলাকায় পরিচিত। তিনি উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ও ‘শেফা ফ্যাশন’-এর স্বত্বাধিকারী অবসরপ্রাপ্ত কর্পোরাল মোহাম্মাদ নাসির উদ্দিনের সহধর্মিণী।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. সোহরাব হোসেন। সদস্য হিসেবে রয়েছেন মো. রুহুল আমীন, মো. আঃ বারী, মো. শাহজাহান, মো. হুমায়ুন কবির মোল্লা, জাকির হোসেন, আল আমিন, নিখিল চন্দ্র ঘরামী, জাকিয়া আক্তার, জাকিয়া সুলতানা ও নাহিদ আক্তার খুশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে শান্তা মনি বলেন, তাঁকে পুনরায় দায়িত্ব দেওয়ায় উপজেলা প্রশাসন, ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকদের প্রতি তিনি কৃতজ্ঞ। আগের মেয়াদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করাই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি বলেন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মা সমাবেশসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। বিদ্যালয়টিকে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
শান্তা মনি দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হওয়া এবং নতুন কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
মতামত