জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫’। পরিবেশভিত্তিক এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী টাউন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ) আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী।
আয়োজক সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি করাই অলিম্পিয়াডের অন্যতম উদ্দেশ্য। জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধনের পর টাউন উচ্চ বিদ্যালয়ের আয়োজনটি ছিল কর্মসূচির অষ্টম পর্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী টাউন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামলা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আশুতোষ চন্দ্র ভন্দ্র এবং আইসিটি বিভাগের সহকারী শিক্ষক প্রিয়াঙ্কা সাহা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এখন থেকেই পরিবেশবান্ধব চিন্তা ও জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, জ্বালানি অপচয় রোধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে তরুণদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
তারা আরও বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ববোধও বাড়বে।
ডিওয়াইএফের কার্যনির্বাহী সদস্য মোসা. বৃষ্টি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ফাইন্যান্স অফিসার অর্পন বিশ্বাস আর্জু।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘জাগো তরুণ, বদলাও দেশ’—এই লক্ষ্যকে সামনে রেখে তরুণদের একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে সম্পৃক্ত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। গ্রিন এনার্জি অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদের ভবিষ্যতের জলবায়ু যোদ্ধা হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।
আয়োজকদের প্রত্যাশা, ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পটুয়াখালীর শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ে আগ্রহ তৈরি হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন ও দায়িত্বশীল তরুণ প্রজন্ম গড়ে উঠবে।
মতামত