পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী মো. আহসান ফারুক। এ সময় তিনি ইউনিয়নের উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় দুমকি নতুন বাজার এলাকার জমজম রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আহসান ফারুক বলেন, আঙ্গারিয়া ইউনিয়নকে একটি উন্নত, নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব। সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের সার্বিক পরিবর্তনে কাজ করতে তিনি আগ্রহী।
নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দলের দুঃসময়ে ২০১৬ সালে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছিল। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, দলের প্রতি আনুগত্য এবং মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা বিবেচনায় এবারও দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আহসান ফারুক। এ সময় তিনি আঙ্গারিয়া ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করতে চান। বিশেষ করে তরুণদের সম্পৃক্ত করে সামাজিক অবক্ষয় রোধ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মতামত