বরগুনার আমতলী সরকারি একে হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জাবেদ ইমন (১৫) হত্যার বিচার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরের একে স্কুল চৌরাস্তায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারীরা ইমন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটনের দাবি করেন তারা।
কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলেন, একজন শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে চলাচলকারী যানবাহন আটকা পড়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে অবরোধ কর্মসূচি শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
মতামত