‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে পক্ষটি পালিত হবে।
রোববার সকালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির আগে সার্কিট হাউসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে অংশ নেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মুহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালীর মৎস্য খাতের বর্তমান পরিস্থিতি, মাছের উৎপাদন বাড়ানোর সম্ভাবনা, দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা মৎস্যসম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে এ খাতের ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর পটুয়াখালীর আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়গুলো এসব কর্মসূচিতে গুরুত্ব পাবে।
মতামত