টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশাল নগরীর জনজীবন। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে তীব্র গরমের মধ্যে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নগরীর কয়েকটি এলাকায় প্রতি ঘণ্টায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করার প্রয়োজন হচ্ছে বলেও জানিয়েছেন তারা।
বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানান, তার আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ৬২ মেগাওয়াট। বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩৯ মেগাওয়াট। ফলে সরবরাহের ঘাটতি সামাল দিতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে।
অন্যদিকে, বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম জানান, তার আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ৪০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২০ মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, উৎপাদন ঘাটতির কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমেছে। কক্সবাজারের এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়েছে বলেও তারা জানান।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। গভীর রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনের বেলায় অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানে এবং রাতের দিকে বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে অনেক বাসিন্দাকে রাতের বেলায় ঘরের বাইরে বের হয়ে আসতে দেখা যাচ্ছে। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিশু ও বয়স্করা।
এদিকে দীর্ঘস্থায়ী লোডশেডিং বন্ধ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে মঙ্গলবার বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী।
সমাবেশে তিনি বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বরিশালের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র গরমের মধ্যে প্রতিদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
মতামত