পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছেন দেড় শতাধিক বাসিন্দা। খাবার পানি সংগ্রহের জন্য তাদের প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। বর্ষাকালে হাটুজল পেরিয়ে পানি সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়ে যেত।
সম্প্রতি বাউফলের ওই এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার এবং বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের কাছে সুপেয় পানির সংকট ও যোগাযোগের সমস্যার কথা তুলে ধরেন।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে জেলা পরিষদের প্রশাসক সড়ক নির্মাণের উদ্যোগ নেন। একই সঙ্গে দীর্ঘদিনের পানির সংকট দূর করতে ব্যক্তিগত অর্থায়নে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির।
নলকূপ স্থাপনের উদ্যোগের ফলে দীর্ঘদিনের পানির কষ্ট থেকে মুক্তির আশা করছেন স্থানীয়রা। তারা জানান, এতদিন দূরের এলাকা থেকে খাবার পানি সংগ্রহ করতে হতো। বর্ষার সময় হাটুজল পেরিয়ে পানি আনতে গিয়ে তাদের চরম ভোগান্তিতে পড়তে হতো। নতুন সড়ক নির্মাণ ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোথাও সুপেয় পানির সংকট থাকবে না। কোনো এলাকায় মানুষ পানির জন্য দুর্ভোগে রয়েছেন—এমন তথ্য পাওয়া গেলে সরেজমিনে গিয়ে পরিস্থিতি দেখে সবার জন্য নলকূপ স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
মতামত