পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগের পর ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিজয়-২৪ হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সঙ্গে র্যাগিংয়ের ঘটনা ঘটে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর উপাচার্যের অনুমোদনক্রমে ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম এবং ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও হলের সহকারী হল প্রভোস্ট মো. ফয়সাল।
এ ছাড়া পোষ্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজয়-২৪ হলের সহকারী হল প্রভোস্ট মো. নজরুল ইসলামকে কমিটির সদস্য-সচিব করা হয়েছে।
অফিস আদেশে তদন্ত কমিটিকে র্যাগিংয়ের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনায় জড়িতদের শনাক্ত এবং অপরাধের মাত্রা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সুপারিশ ও সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের ফলে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মতামত