পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ এবং ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধ এবং চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল উপজেলার জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও দায়িত্বের আলোকে উপজেলার বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলা পর্যায়ে অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের বিষয়টি গুরুত্ব পায়।
সভায় সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মনজু বিশ্বাস, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মনির খন্দকার এবং ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ গোলদারসহ অন্যরা।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ এবং বাংলাদেশ প্রেস ক্লাবের বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আল-আমিন প্রিন্স।
এ ছাড়া সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য, জনপ্রতিনিধি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে সভার কার্যক্রম পরিচালিত হয়।
মতামত