বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের সঙ্গে শিল্পখাতের বাস্তব চাহিদার সমন্বয় ঘটাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্কশপ ও সেমিনার। ‘Bridging Academia and Industry: Fostering Innovation, Collaboration and Mutual Development’ শীর্ষক এ আয়োজন আগামীকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মুহাম্মদ ইকবাল এবং পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
আয়োজনে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ, গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ, নতুন উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি শিল্পখাতের সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কার্যকর যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে মতবিনিময় করা হবে। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের ভাবনা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে পবিপ্রবি ও কয়েকটি নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব আরও জোরদার হবে।
শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পখাতের প্রয়োজনের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রেও এ ধরনের সহযোগিতা ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে প্রযুক্তি স্থানান্তর ও যৌথ গবেষণার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা ও শিল্পের মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্যোগ
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আমরা পবিপ্রবিকে গবেষণা, উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ততার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছি।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে। একাডেমিয়া ও শিল্পখাতের কার্যকর সহযোগিতা গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের পথ সুগম করবে এবং প্রযুক্তি স্থানান্তরের নতুন সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা ও শিল্পখাতের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে। এর ফলে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ সম্প্রসারিত হতে পারে।
মতামত