পটুয়াখালীর দুমকীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোশারেফ হোসেন ওরফে মোশারফ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বগা ফেরিঘাটসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মোশারেফ হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাসপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বর্তমান ঠিকানা কক্সবাজার সদর থানার সৈকতপাড়া এলাকায় এজাহার মিয়ার কলোনির একটি ভাড়া বাসা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাঁর কাছ থেকে ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আইনি কার্যক্রম গ্রহণ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
মতামত