সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তবে জাহিদুল ইসলাম রাতুলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিস্তারিত কারণ বা নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ ওই চিঠিতে করা হয়নি।
কেন্দ্রীয় ছাত্রদলের এ সিদ্ধান্তের ফলে পবিপ্রবি শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে জাহিদুল ইসলাম রাতুলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মতামত