পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের সঙ্গে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনগত বিভিন্ন বিষয়, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় মানুষের ওপর নির্যাতনের অভিযোগে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ শাস্তি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় জুলাইয়ের শহীদ পরিবারগুলোর নিরাপত্তা, অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপত্তা ও সুরক্ষা, পুনর্বাসন এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা এসব বিষয়ে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, কেন্দ্রীয় সংগঠক মো. ইমরান হোসেন এবং জুলাই যোদ্ধা মো. মনির হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. রুহুল আমিন ও মো. ধলা মিয়া উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভুক্তভোগী ও শহীদ পরিবারের নিরাপত্তা এবং আহত জুলাই যোদ্ধাদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।
মতামত