আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ভোলা সদর মডেল থানায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় ভোলা সদর মডেল থানাধীন ২৭টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, উৎসবকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।
মতবিনিময়কালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে মন্দিরভিত্তিক পরিদর্শন বহি হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্দিরগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণে সহায়তা করবে বলে জানানো হয়েছে।
সভায় আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ ও পূজা উদযাপন সংশ্লিষ্টদের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
মতামত