শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বানে পটুয়াখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ‘শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করি’—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী শহরের বনানী মোড়ে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহার-এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক মোর্শেদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদক মাহফুজা ইসলাম, প্রচার সম্পাদক তাপসী কর্মকার এবং সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ।
বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসবমুখরতা ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে দেশব্যাপী একই সময়ে মহিলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পটুয়াখালীতেও এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সবার দায়িত্ব। দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসবে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে বক্তারা শারদীয় দুর্গোৎসব ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় জেলা মহিলা পরিষদের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক খাদিজা সুলতানা, সদস্য শোভা রানীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত