বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে এ বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির জন্য নির্বাচিত কৃতি শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও অভিব্যক্তি ব্যক্ত করেন। তারা সম্মানজনক এ বৃত্তি অর্জনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ভোলা জেলার পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশের সব সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বাংলাদেশ পুলিশের এ ধরনের কল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। অভিভাবকরা বলেন, এ বৃত্তি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও আগ্রহী ও মনোযোগী করবে। একই সঙ্গে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের সাফল্যে তাদের অভিনন্দন জানানো হয়। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের, পরিবারের পাশাপাশি বাংলাদেশ পুলিশের গৌরব বৃদ্ধি করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
বাংলাদেশ পুলিশের এমন উদ্যোগকে পুলিশ পরিবারের সন্তানদের শিক্ষা ও মেধা বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ ধরনের বৃত্তি তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ সাফল্যের পথে আরও উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে।
মতামত