বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা এমপিওভুক্ত শিক্ষক সমিতি। শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, সুযোগ-সুবিধার বৈষম্য দূরীকরণ এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা এমপিওভুক্ত শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বৈষম্যের বিষয় তুলে ধরেন। তাঁরা বেতন-ভাতার বৈষম্য দূরীকরণ, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, পদোন্নতির সুযোগ সৃষ্টি, উচ্চতর বেতন গ্রেড নিশ্চিত করা এবং অবসর ও কল্যাণ সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবিও জোরালোভাবে তুলে ধরেন শিক্ষক নেতারা। তাঁদের মতে, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা না গেলে শিক্ষার গুণগত মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা কঠিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক, স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, স্কুল অ্যান্ড কলেজের সহসভাপতি মাহমুদা আক্তার হেপি, নাসিমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের আর্থিক ও পেশাগত মর্যাদা আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধায় বিদ্যমান বৈষম্য দূর করার পাশাপাশি তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি।
তাঁরা আরও বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের দাবি-দাওয়া বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনে শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত