পটুয়াখালীর বাউফলে চাষের জমিতে সার দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই ভাই। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সাবু মৃধা (৩০) ও তাঁর ছোট ভাই মুসা মৃধা (২৫) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের পরিবারের দাবি, প্রায় ১৫ বছর আগে তাঁদের বাবা ইব্রাহিম মৃধা মারা যাওয়ার পর চাচা নাসির মৃধা তাঁদের বাড়ি ও জমি দখলে রেখেছেন। এমনকি তাঁদের নিজেদের বাড়িতে থাকতে দেওয়া হয় না। সেখানে গেলে মারধর ও হুমকির মুখে পড়তে হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে দুই ভাই পাশের মান্দারবণ গ্রামে তাঁদের নানাবাড়িতে বসবাস করছেন।
পরিবারের অভিযোগ, রোববার সকালে সাবু ও মুসা নিজেদের চাষ করা জমিতে সার দিতে যান। এ সময় নাসির মৃধা, তাঁর চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুই ভাইকে গুরুতর আহত করা হয়।
হামলার পর স্থানীয় লোকজন আহত সাবু ও মুসাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আহত দুই ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত