প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীতে নতুন নিয়োগ পাওয়া প্রাথমিক সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে জেলার তিন উপজেলার ২৬ জন নবনিযুক্ত সহকারী শিক্ষক অংশ নিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ কার্যালয়সংলগ্ন ৬২ নম্বর ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন পটুয়াখালী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম শিল্পী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাজারগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বসার এবং ইউআরসির ইন্সট্রাক্টর মো. তরিকুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষিকা মোসাঃ শাহানাজ পারভীন, প্রধান শিক্ষিকা মোসাঃ কানিজ ফাতিমা, প্রধান শিক্ষক বশির আহমেদ, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক মো. জহরুল হক বশিরসহ সংশ্লিষ্টরা।
পাঁচ দিনব্যাপী এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণে পটুয়াখালী সদর উপজেলার আটজন, বাউফল উপজেলার ১৫ জন এবং দুমকি উপজেলার তিনজন নবনিযুক্ত প্রাথমিক সহকারী শিক্ষক অংশ নিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, নবনিযুক্ত শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিশুদের সঙ্গে কার্যকর যোগাযোগ, শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া ২৬ জন নবনিযুক্ত সহকারী শিক্ষকের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নবনিযুক্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম শিল্পী প্রত্যেক নবনিযুক্ত সহকারী শিক্ষককে গোলাপফুল দিয়ে স্বাগত জানান।
বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিশুদের শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একজন শিশুর জ্ঞান, মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক আচরণ বিকাশে প্রাথমিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নবনিযুক্ত শিক্ষকদের শুধু পাঠদান নয়, শিশুদের মানবিক ও সৃজনশীল বিকাশেও মনোযোগী হতে হবে।
তারা আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভ করবেন। একই সঙ্গে আধুনিক ও শিশুবান্ধব শিক্ষাদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পাঁচ দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণের মধ্য দিয়ে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের কর্মজীবনের প্রাথমিক প্রস্তুতি আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মতামত