পটুয়াখালীর বাউফলে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্তর দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজারের পূর্ব পাশে একটি চায়ের দোকানের পশ্চিম দিকে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় অন্তর দাসের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার অন্তর দাস দশমিনা উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কানাই দাসের ছেলে। তার মায়ের নাম কৃষ্ণা রানী দাস ওরফে নিলীমা। তার স্থায়ী ঠিকানা দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায়। বর্তমানে তিনি দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দর এলাকার জুয়েলারি পট্টিতে বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা উদ্ধারের পর অন্তর দাসকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ
মতামত