বাংলাদেশ পুলিশের অধস্তন পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (এমসিকিউ)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা পরীক্ষায় অংশ নেন।
সকাল ১০টা ও বিকেল ৩টায় পৃথক সময়ে অনুষ্ঠিত এ পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার।
পরিদর্শনকালে ডিআইজি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, আসন বিন্যাস এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হুমায়ুন কবির, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা এবং পুলিশ সুপার কাজী মোঃ ছোয়াইব।
বাংলাদেশ পুলিশের অধস্তন সদস্যদের পদোন্নতির প্রক্রিয়ার অংশ হিসেবে এ বিভাগীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের যোগ্যতা যাচাই করা হচ্ছে।
মতামত