ভোলার বোরহানউদ্দিনে ডাকাতির মামলার তদন্তে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ভোলা জেলা পুলিশ মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট রাত আনুমানিক ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ৩৫ মিনিটের মধ্যে বোরহানউদ্দিন থানার পশ্চিমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাদী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর যৌথ বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানায় মামলা করা হয়। মামলাটির নম্বর-১০, তারিখ ১০ আগস্ট ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় এবং জিআর নং-২৪৯/২৬ (বোরঃ) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব-৮, ভোলা ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালায় পুলিশ। অভিযানে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ জাহের মাল (৩৪), পিতা মোঃ জয়নাল আবেদীন ওরফে জানু মাল এবং নিরব (৪০), পিতা আঃ ছত্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত নিরবের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মোঃ জাহের মালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে ডাকাতির ঘটনায় আরও কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মতামত