পটুয়াখালীর দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ মো. নাহিদুল ইসলাম নওশাদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নওশাদ মাদক বহনের সঙ্গে জড়িত। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নওশাদ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চকমিরপুর গ্রামের মো. নুরুল ইসলাম ও কমলা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সিলভার রঙের একটি প্রাইভেটকার লেবুখালী টোল প্লাজায় পৌঁছালে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টোল প্লাজার পাশে স্থাপিত চেকপোস্টে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের পাশের আসনে থাকা নওশাদকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।
পরে টোল প্লাজার কর্মচারী ও প্রাইভেটকারের চালকের উপস্থিতিতে নওশাদ নিজের পকেট থেকে ১২৫ পিস ইয়াবা বের করে দেন বলে পুলিশ জানায়। উদ্ধার করা মাদক জব্দ করে তাকে হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নওশাদ পুলিশকে জানিয়েছেন, তিনি মানিকগঞ্জ থেকে বাউফলের উদ্দেশ্যে ইয়াবার চালানটি নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারের চালক এ বিষয়ে অবগত ছিলেন না বলেও তিনি দাবি করেছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার নওশাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সূত্র: দুমকি থানা পুলিশ
মতামত