বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, ইউরালা কাউন্সিল, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ এবং বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে একটি যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাবনা হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১টায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের কাছে প্রস্তাবনাটি হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিপ্রবির একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের আওতায় প্রস্তাবিত এ গবেষণা প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য রিসাইক্লিং নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটি কোম্পানি প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।
গবেষণা প্রকল্পটির মূল লক্ষ্য বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের সম্ভাবনা নিয়ে গবেষণা করা। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রস্তাবিত প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া।
প্রকল্পের প্রজেক্ট মেম্বার হিসেবে রয়েছেন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্টের প্রজেক্ট মেম্বার ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিপ্রবির বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উন্নীত করার লক্ষ্যে গবেষণা, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানগুলোর এ ধরনের যৌথ গবেষণা উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিয়ে নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে গবেষণার ফলাফল ভবিষ্যতে দেশের অন্যান্য নগরীর বর্জ্য ব্যবস্থাপনায়ও কাজে লাগানোর সম্ভাবনা রয়েছে।
মতামত