রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিকুঞ্জ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে আটক করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাউফলে বিএনপির কার্যালয় ভাঙচুরসহ কয়েকটি ঘটনায় জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তবে বুধবার রাতে তাকে ঠিক কী কারণে এবং কোন মামলায় আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জিয়াউল হক জুয়েল বাউফল পৌরসভার সাবেক মেয়র। মেয়র থাকাকালে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল বলে স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন।
এদিকে তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর বাউফলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা এবং আটকের পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আটকের কারণ ও মামলার বিষয়ে জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে আটকের কথা শুনেছি। তবে অফিসিয়ালি আমাদের কিছু জানানো হয়নি।’
আনুষ্ঠানিকভাবে আটকের কারণ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানা যাবে।
মতামত